অসামাজিক
মূল অসমিয়া : নীলাভ সৌরভ
বাংলা অনুবাদ : সত্যজিৎ চৌধুরী
চা এক পেয়ালা হবে নাকি?
চিনি কম করে দিও
আজ পর্যন্ত আমি অগুনতি মানুষের জন্য
চিনি ছাড়া চা বানিয়েছি,
তোমাদেরটাও কম চিনিতে বানিয়ে দিচ্ছি, দাঁড়াও!
চিনি ছাড়া চা পরম্পরা বিরোধী
যেমন ঘরে আসা অতিথিদের মিষ্টিমুখ না করানো
সবুজ চা দিবে
ভালোবাসবে
এভাবেই চায়ের থেকে চিনির ব্যবহার একদিন ওঠে যাবে
একটি ডায়াবেটিস সমাজ হবে
আঁখ চাষ করা কৃষকদের কোনো অভিযোগ গ্রাহ্য করা হবে না
কথাখানা ঠিকই বলেছ
মানুষেরা বড্ড প্রাকটিক্যাল হয়েছে
জীবনবিহীন প্রেম
প্রেমবিহীন জীবন
বিবাহবিহীন সঙ্গী
চিনিবিহীন চা
তাই রুগ্নসমাজ স্বাস্থ্যকে নিয়ে সজাগ হয়েছে,
দেখবে, নীরোগ ব্যক্তিরা বহিঃস্কৃত হবে হয়তো
এই সমাজ থেকে
লক্ষ্যবিহীন পদক্ষেপ - প্রভাতের প্রারম্ভে
ফলবিহীন পরিশ্রম - কাজের বাইরে সকাল-সন্ধ্যা দুইঘন্টা
কোদাল না চালিয়ে সব্জির আশা
হাল না মেরে ভাতের আশা
গাছ না লাগিয়ে ফলের আশা
খেলাধুলা না করে প্রতিযোগিতায় নামা
ভালমন্দ খাওয়া ছেড়ে দীর্ঘজীবনের আশা
অদ্ভুত এক সমাজের নাগরিক হতে চলেছি আমরা,
নয় কি?
এই তুমি প্রয়োজনের থেকে বেশী চিন্তা করছ
চিন্তা করা কমিয়ে দাও
শুনো,
জীবনে তোমার ভাগে যতটা মিষ্টি ছিল
তা তুমি আধবয়সেই শেষ করলে
এখন শেষের অংশটুকুতে শুধুই তিক্ততা
অনেকেই মিষ্টি খেতে পায়নি
ডায়াবেটিসও হয়নি
না হয়ে কোথায় যাবে?
ব্যাংকের লকারে সাজিয়ে রাখা ধনরাশি কার?
ও হে, এইগুলোও কম চিন্তার বিষয় নয়
বঞ্চনা! বুঝলে বঞ্চনা এইসব
রাখতো এবার,
গান শুনবেতো বলো
ভলিউমটা কমিয়ে দাও।
No comments:
Post a Comment